ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাটহাজারীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের ১৫ দিনের কারাদণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তিনজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার হাটহাজারী পৌরসভার দেওয়াননগর রেলগেট এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন—মোহাম্মদ হাসান (২৪), মোঃ তারেক (২৬) ও মোঃ আসিফ। তাদের সবার বাড়ি হাটহাজারী পৌরসভার দেওয়াননগর এলাকায়। আটকের পর তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধের দায়ে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের ব্যবহার রোধ এবং জনসাধারণের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হাটহাজারীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের ১৫ দিনের কারাদণ্ড