বরগুনায় বিষখালী নদীর তীরে গড়ে ওঠা একটি অবৈধ কয়লার কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের আজগরকাঠি গ্রামে অবৈধ কয়লার চুল্লিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন ২০২২ এর ৮ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ কাঠকয়লা উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিযানকালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। এ সময় বরগুনা সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বায়ু দূষণকারী কাঠকয়লা উৎপাদনসহ পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।