কালিয়াকৈর উপজেলা-এ ২৫ মার্চ গণহত্যা দিবস (বাংলাদেশ) এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (বাংলাদেশ) যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন।সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলম শাহরিয়ার, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মো. হেলালউদ্দিন, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো. নাজিম উদ্দিন।এছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, কালিয়াকৈর সরকারি গোলাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে বলে সভায় জানানো হয়। সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, স্বাধীনতা দিবস এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকল বিভাগের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।