সিলেট নগরের ৩৭ নম্বর ওয়ার্ডের আখালিয়া এলাকায় প্রশাসনের নাকের ডগায় অবাধে টিলা কেটে ঘর-বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। নগরের জালালাবাদ থানা ও আখালিয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন কোমারগাঁও মৌজার নতুন বাজারসংলগ্ন বড়বাড়ির টিলায় প্রকাশ্যে এ কার্যক্রম চলছে।রোববার (১ মার্চ) বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, অবৈধভাবে টিলা কেটে পাশাপাশি দুটি প্লট তৈরি করা হয়েছে। ওই প্লট দুটিতে পাকা ঘর নির্মাণে ব্যস্ত একাধিক শ্রমিক। এর মধ্যে একটিতে গভীর নলকূপ স্থাপনের পাশাপাশি দালানঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। অপর প্লটেও টিলা কেটে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে।শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রীদাম পাল ও সিএনজি চালক আব্দুল করিম নামের দুই ব্যক্তি টিলা কেটে এসব ঘর নির্মাণ করছেন। এ সময় শ্রীদাম পালকে ঘটনাস্থলে পাওয়া গেলেও আব্দুল করিমকে পাওয়া যায়নি। শ্রীদাম পালের কাছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। একপর্যায়ে পরে কথা বলবেন বলে ঘটনাস্থল ত্যাগ করেন।স্থানীয়দের অভিযোগ, আখালিয়া ওয়ার্ডের বড়গুল, ডলিয়া, টিলারগাঁও ও মোহাম্মদি এলাকাতেও অবৈধভাবে টিলা কেটে প্লট ভরাট ও ঘর-বাড়ি নির্মাণের কাজ চলছে।এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির জানান, ওই ওয়ার্ডে অবৈধভাবে টিলা কাটার দায়ে ইতোমধ্যে জড়িতদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং এনফোর্সমেন্ট কার্যক্রমের মাধ্যমে জরিমানাও করা হয়েছে। সম্প্রতি নতুন করে যেসব স্থানে টিলা কাটা শুরু হয়েছে, সেগুলো সরেজমিন পরিদর্শন শেষে পরিবেশ আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। উল্লেখ্য, পরিবেশ রক্ষায় সিলেট জেলার পাহাড় ও টিলা কাটার ওপর গত বছরের ৯ সেপ্টেম্বর জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম নিষেধাজ্ঞা জারি করেন।