ঢাকা    বুধবার, ০১ জুলাই ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দক্ষিণ ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে দেশটির হরমোজগান প্রদেশের সারগাজ এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ইরানের মেহর সংবাদ সংস্থার বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হরমোজগান ও কেরমান প্রদেশের সীমান্তবর্তী সারগাজ এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৯ হিসেবে রেকর্ড করেছে। সংস্থাটির তথ্যমতে, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয় এবং এর কেন্দ্রস্থল ছিল মিনাব শহর থেকে প্রায় ১০১ কিলোমিটার উত্তরে। ইউএসজিএস ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার বলে উল্লেখ করেছে।প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, হরমোজগান প্রদেশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হলেও প্রাণহানি বা অবকাঠামোগত বড় ধরনের ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতির সম্ভাব্য মূল্যায়ন শুরু করেছে।ভূতাত্ত্বিকভাবে হরমোজগান ও কেরমান প্রদেশের সারগাজ অঞ্চলটি অত্যন্ত সংবেদনশীল। ইরানি মালভূমির নিচে বিভিন্ন টেকটোনিক প্লেটের জটিল পারস্পরিক ক্রিয়ার কারণে এলাকাটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ফলে নতুন এই কম্পন স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পের ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

দক্ষিণ ইরানে ৫ মাত্রার ভূমিকম্প