নীলফামারীর ডোমার উপজেলায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে একটি মুড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার দুপুরে (২ মার্চ) উপজেলার ছোট রাউতা এলাকায় অবস্থিত সন্তোষী মুড়ি মিলসে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন।অভিযানকালে মিলটিতে নিম্নমানের খাদ্য উপকরণ ব্যবহার, নিষিদ্ধ কেমিকেল হাইড্রোজ প্রয়োগ, অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও সংরক্ষণ এবং শিল্প লবণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মিলের মালিক স্বপন চ্যাটার্জি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, অভিযানে ৫ কেজি নিষিদ্ধ কেমিকেল হাইড্রোজ এবং প্রায় এক হাজার ২৫০ কেজি শিল্প লবণ জব্দ করে ধ্বংস করা হয়েছে। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন। অভিযানকালে ডোমার উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অজয় কুমার, নমুনা সংগ্রহকারী মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।