নওগাঁ জেলার পোরশা থানায় সংঘটিত এক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মশানতলা মোড় থেকে ধুলাডাঙ্গাগামী শাখা সড়কে একটি ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পোরশা থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করে।এরই ধারাবাহিকতায় গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার জশৈল গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মোঃ দুরুল হোদা (৫৫), পিতা- মৃত তৈমুর আলী, সাং- জশৈল, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার বাড়ি থেকে ডাকাতিতে লুণ্ঠিত একটি স্মার্টফোন, নগদ ৪ হাজার ৫০০ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করে পুলিশ।পরবর্তীতে দুরুল হোদাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে তার সহযোগী ডাকাতদের নাম-ঠিকানা প্রকাশ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিশেষ দিকনির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পোরশা থানার একটি চৌকস দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় গোমস্তাপুর থানা পুলিশের সহযোগিতায় ডাকাতি ঘটনার সঙ্গে জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের আরও দুই সদস্য— মোঃ আনেসুর রহমান (৩৪), পিতা- আইনাল আলী এবং মোঃ টুটুল (৩৭), পিতা- আশরাফ, সাং- সাগরইল, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সড়কে সংঘটিত যেকোনো অপরাধ দমনে পোরশা সহ জেলার সকল থানাকে বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।