জয়পুরহাটে শিশুদের ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে টানা ৪০ দিন মসজিদে এসে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ১৪ জন শিশুকে নতুন বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার বিকেলে জেলা শহরের সাহেব পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের হাতে এই আকর্ষণীয় পুরস্কার তুলে দেয় মসজিদ কমিটি। মূলত মোবাইল গেমস ও ইন্টারনেটের আসক্তি থেকে সরিয়ে শিশুদের সুস্থ ধারার চর্চায় ফিরিয়ে আনতেই এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়।সাহেব পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মুহা. হাসিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী সভায় সফল ১৪ জন শিশুর পাশাপাশি আরও ২৩ জনকে বিশেষ উৎসাহমূলক পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জনকারী ১৭ জন শিশুর প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী ৬ জন শিশুকে ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মসজিদ কমিটির সেক্রেটারি মাফিজুর রহমান মাফু।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। তারা বলেন যে ছোটবেলা থেকেই নামাজের অভ্যাস ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে পারলে এই শিশুরা ভবিষ্যতে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে উঠবে। বর্তমান ডিজিটাল যুগে শিশুদের বিপথগামিতা থেকে রক্ষা করতে এমন সৃজনশীল উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।নতুন ঝকঝকে বাইসাইকেল হাতে পেয়ে শিশুদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও এমন উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে এই ধরনের সুস্থ প্রতিযোগিতার ফলে শিশুদের মধ্যে নিয়মিত মসজিদে যাওয়ার একটি স্থায়ী ও সুন্দর অভ্যাস গড়ে উঠবে যা তাদের মানসিক বিকাশে সহায়ক হবে।