ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাদক কারবারিদের আতঙ্কের নাম: ওসি মহিবুল্লাহ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদক, সন্ত্রাস, জুয়া, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর অপরাধ দমনে নিয়মিত অভিযান জোরদার করেন। স্থানীয়দের মতে, তার উদ্যোগের ফলে এলাকায় অপরাধ পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে।মাদককে তরুণ সমাজের অগ্রগতির প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। এর পর থেকেই থানা পুলিশের অভিযান আরও সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে একাধিক চক্রের কার্যক্রম অনেকটাই ভেস্তে গেছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই মাদক বেচাকেনা চলত। ইয়াবা, গাঁজা ও দেশীয় মদের বিস্তার ছিল উল্লেখযোগ্য। সন্ধ্যার পর অনেক এলাকায় সাধারণ মানুষের চলাচলেও ভীতি কাজ করত। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছেন বাসিন্দারা।থানা সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ পর্যন্ত ৫৬টি মাদক মামলা হয়েছে এবং ১০৮ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১০০ কেজির বেশি গাঁজা, ২০ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেটসহ দেশীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।স্থানীয় অন্তত ১০ জন বাসিন্দা জানান, আগে দিনের আলোতেও অনেক এলাকায় মাদক বিক্রি হতো। এখন সেই পরিস্থিতি অনেকটাই বদলেছে। তাদের মতে, পুলিশের ধারাবাহিক অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।ওসি মহিবুল্লাহ বলেন, মাদকমুক্ত সোনারগাঁও গড়াই তার প্রধান লক্ষ্য। তিনি জানান, “মাদক ব্যবসা বন্ধে আমি কঠোর অবস্থানে আছি। এটি আমার জন্য একটি জিরো টলারেন্স ইস্যু। নিয়মিত অভিযান চলছে এবং যেখানেই তথ্য পাচ্ছি, দেরি না করে ব্যবস্থা নিচ্ছি।”তিনি আরও বলেন, এলাকায় এখনো কিছু মাদক স্পট রয়েছে এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় কিছু চক্র সক্রিয় থাকার চেষ্টা করছে। তবে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকায় তাদের কার্যক্রম আগের মতো নেই। নারী মাদক ব্যবসায়ীদের সম্পৃক্ততার বিষয়টিও নজরদারিতে রয়েছে বলে জানান তিনি। ওসি মহিবুল্লাহ স্পষ্টভাবে জানান, দায়িত্বে থাকা পর্যন্ত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অবস্থাতেই এ বিষয়ে আপস করা হবে না।

মাদক কারবারিদের আতঙ্কের নাম: ওসি মহিবুল্লাহ