ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পাকুন্দিয়ায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় শুক্রবার ভোরে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে রমিজ উদ্দিন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলার চর আলগী গ্রামের বাসিন্দা এবং হজরত আলী মুন্সির ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোররাত প্রায় তিনটার দিকে রমিজ উদ্দিন একটি গরু নিয়ে পুরোনো ব্রহ্মপুত্র নদর তীর ধরে যাচ্ছিলেন। সে সময় নদীর তীর রক্ষা বাঁধে ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। কিছুক্ষণের মধ্যেই এলাকায় চোর ধরা পড়েছে এমন খবর ছড়িয়ে পড়ে। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে উত্তেজিত হয়ে ওঠে এবং তাঁকে মারধর শুরু করে। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।চরফরাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম জানান, চুরির সন্দেহে আটক করার পর স্থানীয় জনতার পিটুনিতে ওই ব্যক্তির মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। চুরির অভিযোগে থাকা গরুটি বর্তমানে থানার হেফাজতে রয়েছে। তবে এখন পর্যন্ত গরুটির প্রকৃত মালিকের পরিচয় পাওয়া যায়নি। তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পাকুন্দিয়ায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত