লক্ষ্মীপুরের রামগতিতে নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর সেতু এলাকার ভুলুয়া নদী থেকে তাদের আটক করা হয়।স্থানীয় লোকজন ও থানা পুলিশ জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে শুষ্ক মৌসুমে প্রভাব খাটিয়ে ভেক্যু মেশিন দিয়ে ভুলুয়া নদী থেকে মাটি কেটে বিক্রি করে আসছিল। কাটা মাটি অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হতো। এ অভিযোগে রবিবার তিনজনকে আটক করা হয়। তারা হলেন পূর্ব চরকলাকোপা গ্রামের পরাধীন পাশা, চরহাসান হোসেন গ্রামের আবদুল আহাদ এবং একই এলাকার মো. রাকিব। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তাদের আটক করা হয়। পরে স্থানীয় ভূমি অফিসের তহশিলদার বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।