ঝালকাঠির রাজাপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আংগারিয়া ড্রেনেজ উপ-প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণ ও খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে উপজেলার আংগারিয়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। তিনি প্রকল্পের কাজের উদ্বোধন ঘোষণা করে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় ও নিম্নাঞ্চলীয় এলাকাগুলোতে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বেড়ে গেছে। এসব সমস্যা মোকাবিলায় টেকসই পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।প্রকল্প সূত্রে জানা গেছে, আংগারিয়া ড্রেনেজ উপ-প্রকল্পের আওতায় প্রায় ৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হবে এবং ২৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সংশ্লিষ্টরা জানান, এই কাজগুলো সম্পন্ন হলে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু জলাবদ্ধতা নিরসনই নয়, কৃষি উৎপাদন বৃদ্ধিতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণ উপকৃত হবে। তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি সহায়তা এবং টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী আশা প্রকাশ করেন, প্রকল্পটি দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর হবে এবং কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে।