ভোলা জেলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে মাদক সেবনের অভিযোগে মোহাম্মদ মাকসুদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, মোছাম্মাৎ নাসরিন আক্তারের বাসায় ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন মাকসুদ। অভিযোগ রয়েছে, তিনি বাসার ভেতরে নিয়মিত মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মাকসুদ দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অসীমদ্দি হালাদার বাড়ির বাসিন্দা এবং পেশায় ডাব ব্যবসায়ী বশির আহমেদের গাড়িচালক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।ঘটনার রাতে স্থানীয় সচেতন বাসিন্দা ও অন্যান্য ভাড়াটিয়ারা মাদক সেবনের বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করে থানায় নিয়ে যায়।এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রায়ই বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতেন। কেউ তার বিরুদ্ধে অভিযোগ করলে জেল থেকে বের হয়ে এসে প্রাণনাশের হুমকি দেওয়ার কথাও বলা হয়েছে। এতে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।স্থানীয়রা আরও জানান, ঘটনাস্থলের আশপাশে একটি শিশু একাডেমি ও একটি মাদ্রাসা রয়েছে। এ ধরনের পরিবেশে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ড চলতে থাকলে শিশু-কিশোরদের নৈতিক বিকাশ ও নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে পারে। তাই তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে এবং এলাকায় স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।