মাটিরাঙায় তিন বাঙালি নিখোঁজ,৭ মাস পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি তাদের।খাগড়াছড়ির মহালছড়ি এলাকায় নিখোঁজ হওয়া তিন বাঙালি যুবকের সাত মাস পার হলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। এতে পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।নিখোঁজরা হলেন মাটিরাঙা উপজেলার নতুনপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে মো. সালাউদ্দিন, একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. মহরম আলী এবং আদর্শ গ্রামের বাসিন্দা ট্রাকচালক মো. বাহার মিয়া।পরিবারের সদস্যদের অভিযোগ, গত ১৬ এপ্রিল মহালছড়ি বাজারে কাঠ কিনতে যাওয়ার পর থেকে তারা নিখোঁজ হন। নিখোঁজ সালাউদ্দিনের বাবা খোরশেদ আলম জানান, অপহরণকারীরা মুক্তিপণের দাবি করে তার কাছ থেকে বিকাশে ১ লাখ ৫০ হাজার টাকা নেয়। তবে টাকা দেওয়ার পরও ছেলেকে মুক্তি দেওয়া হয়নি এবং তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এ ঘটনায় তিনি মাটিরাঙা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।নিখোঁজ মহরম আলীর মা রূপমালা বিবি সন্তানকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে বলেন, “আমরা শুধু আমার ছেলেকে ফেরত চাই। আর কিছু চাই না।”এদিকে বিভিন্ন বাঙালি সংগঠন তিন যুবকের সন্ধান দাবিতে হরতাল, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাঈন উদ্দিন বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাষ্ট্র তাদের সন্ধান দিতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগজনক।তবে পুলিশ বলছে, তিনজনকে আঞ্চলিক কোনো সশস্ত্র সংগঠন অপহরণ করেছে—এমন তথ্য এখনো পাওয়া যায়নি। মাটিরাঙা থানার ওসি সৈয়দ মো. জাকির হোসেন জানান, মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন উপায়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে পুলিশ কাজ করছে।