ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিরাজুল ইসলাম

সিরাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ, উল্লাপাড়া


একসঙ্গে বৃত্তি লাভ জমজ দুই ভাইয়ের

সিরাজগঞ্জে জমজ দুই ভাই জুনিয়র বৃত্তি পরীক্ষায় একইসঙ্গে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।বৃত্তিপ্রাপ্ত দুই ভাই হলো—মো. মওদুদ আহমেদ ছায়েম ও মো. মাহিদুল আহমেদ নাঈম। তারা কামারখন্দ উপজেলার বড়কুড়া গ্রামের মৃত সেনাসদস্য মো. আব্দুল মজিদ খানের জমজ ছেলে। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় একইসঙ্গে তারা এই সাফল্য অর্জন করেছেন।২০১০ সালের ১১ সেপ্টেম্বর ৩০ মিনিটের ব্যবধানে জন্ম নেওয়া দুই ভাইয়ের বেড়ে ওঠাও একসঙ্গেই। তাদের বাবা ২০১৫ সালে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যান। মা মোছা নাজমা আক্তার রুনার সংসারে জমজ দুই ছেলের সঙ্গে আরও তিন কন্যা সন্তান রয়েছে। বাবা হারালেও পাঁচ ভাই-বোনের সংসারে অভাব নেই।শিক্ষাজীবন শুরু হয় সিরাজগঞ্জের লেকচারার কিন্ডারগার্টেন থেকে। সেখানে প্লে ও নার্সারি পর্যন্ত লেখাপড়া শেষে তারা ভর্তি হন জেলার বেগম রোকেয়া প্রি-ক্যাডেট স্কুলে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সেখানে পড়াশোনা করার পর জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এখান থেকেই এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে দুই ভাই সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করেছেন।পথচলা একসঙ্গে হলেও দুই ভাইয়ের স্বপ্ন আলাদা। মওদুদ আহমেদ ছায়েম বলেন, “আমার স্বপ্ন দক্ষ পাইলট হওয়া। নির্দিষ্ট সময় মেনে লেখাপড়া করি না, যখন ইচ্ছে তখনই পড়ি।” আর মাহিদুল আহমেদ নাঈম বলেন, “আমি বড় হয়ে একজন প্রথম সারির সরকারি কর্মকর্তা হতে চাই।”তাদের বড় বোন ফারজানা খাতুন বলেন, “আমার জমজ দুই ভাই একই রকম বুদ্ধিমান। দুজনেই লেখাপড়ায় ভালো। একইসঙ্গে জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পাওয়ায় আমরা সবাই খুশি।”উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে দুই ক্যাটাগরিতে মোট ৪৬,২০০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা বৃত্তি পেয়েছে ১৪,৭০০ জন এবং সাধারণ ক্যাটাগরিতে পেয়েছে ৩১,৫০০ জন শিক্ষার্থী।

একসঙ্গে বৃত্তি লাভ জমজ দুই ভাইয়ের