আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। সম্ভাব্য হেভিওয়েট প্রার্থীদের তালিকায় গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে সাবেক চেয়ারম্যান মো. নাসির মিয়ার নাম।গলাচিপা পৌরসভার প্রথম মেয়র মরহুম তালেব মিয়ার একমাত্র সন্তান মো. নাসির মিয়া দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, রাজনৈতিক এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।স্থানীয়দের ভাষ্য, সাংগঠনিক দক্ষতা, সহজ-সরল ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে নাসির মিয়া গলাচিপা সদর ইউনিয়নের রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি অনেকের কাছেই আস্থার প্রতীক হিসেবে পরিচিত।বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একাংশের দাবি, দলীয় কার্যক্রম পরিচালনা, কর্মীদের পাশে থাকা এবং বিভিন্ন সময়ে সাংগঠনিক দায়িত্ব পালনে নাসির মিয়ার পরিবারের অবদান দীর্ঘদিনের। তাদের মতে, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং জনসম্পৃক্ত রাজনীতি করার কারণেই তিনি স্থানীয়ভাবে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং নাগরিক সমস্যার সমাধানে নাসির মিয়ার সক্রিয় ভূমিকার কারণে আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে ঘিরে জনমনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের তফসিল ঘোষণা এবং দলীয় সিদ্ধান্ত যাই হোক না কেন, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে আলোচিত ও গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মো. নাসির মিয়ার নাম অন্যতম হয়ে থাকবে।