পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পর্শ লেগে গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তার মধ্যে একজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বউবাজার বড় বাঁধ এলাকায়, পশ্চিম রতনদি তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, গ্রামীণ ব্যাংক-এর চর বিশ্বাস শাখার কর্মকর্তা মো. জলিল (৪৫) এবং সিনিয়র অফিসার আসাদুজ্জামান (৪৪) প্রতিদিনের মতো মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়কের ওপর বিপজ্জনকভাবে ঝুলে থাকা বিদ্যুতের তার হঠাৎ সামনের আরোহী আসাদুজ্জামানের শরীরে স্পর্শ করলে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং অপর আরোহীও আহত হন।স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর কর্মকর্তা মো. জলিলকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত আসাদুজ্জামানের গ্রামের বাড়ি নলুয়া বাগ ইউনিয়নে বলে জানা গেছে।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সড়কের ওপর বিদ্যুতের তার ঝুলে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। জনবহুল এই সড়কে এমন ঝুঁকিপূর্ণ অবস্থা থাকা সত্ত্বেও মেরামতের উদ্যোগ না নেওয়াকে তারা চরম অবহেলা হিসেবে দেখছেন।স্থানীয়দের ভাষ্য, সময়মতো বিদ্যুতের লাইন সংস্কার বা অপসারণ করা হলে এ ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব ছিল। ফলে এই দুর্ঘটনার দায় বিদ্যুৎ বিভাগের অবহেলা কিনা, নাকি এটি নিছক দুর্ঘটনা—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দ্রুত সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ক্ষতিপূরণ প্রদান এবং ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন দ্রুত অপসারণের দাবি জানানো হয়েছে।