ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোহাম্মাদ আবুল মনছুর

মোহাম্মাদ আবুল মনছুর

হাটহাজারি (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম, হাটহাজারী


হাটহাজারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, সিটি কলেজে হামলার প্রতিবাদে উত্তাল

চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন কলেজ শাখা ছাত্রদল। ঘটনার প্রতিবাদে নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে হাটহাজারী উপজেলার ডাকবাংলো এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকির নেতৃত্বে বের হওয়া মিছিলটি হাটহাজারী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলো এলাকায় এসে শেষ হয়। এ সময় মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তকিবুল হাসান চৌধুরী তকি বলেন, শিক্ষাঙ্গনে সহিংসতার কোনো স্থান নেই। শিক্ষার্থীদের ওপর হামলার মতো ন্যক্কারজনক ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বন্ধ করতে হবে। তিনি দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ ধরনের ঘটনা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করে এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন খালেক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, সহ-সভাপতি ও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি এবং দপ্তর সম্পাদক নাজিম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর সংগঠিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। একই সঙ্গে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

হাটহাজারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, সিটি কলেজে হামলার প্রতিবাদে উত্তাল