শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিচালিত “সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্প”-এর আওতায় ফরিদপুর সদর উপজেলার ফরিদপুর-মাগুরা মহাসড়কের বদরপুর-সালথা রাস্তার মোড়ে সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অভিযোগে ছয়টি পরিবহনের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ জান্নাতুল সুলতানা এবং মোছাঃ শামিমা আক্তার। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর উচ্চমাত্রার শব্দদূষণ কমাতে এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার নিরুৎসাহিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন যানবাহনে ব্যবহৃত আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং আইন অনুযায়ী সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় আইন বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে যানবাহনের চালক ও মালিকদের অনুমোদিত হর্ন ব্যবহারের পাশাপাশি পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।