ঈদের পরেই ২৫ হাজার শিক্ষকের ট্রেনিং শুরু
মাধ্যমিক স্তরের নবীন শিক্ষকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ৫৬ দিনের বেসিক প্রশিক্ষণ। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে এবং কার্যকর পাঠদান নিশ্চিত করা যাবে।বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় পরিচালিত লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় অক্টোবর ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইদুল ফিতরের পর অর্থাৎ চলতি মাসের শেষ সপ্তাহ থেকে মাউশি ২৫ হাজার ২৪০ জন নতুন মাধ্যমিক শিক্ষককে বেসিক ট্রেনিংয়ে আনবে। ৫৬ দিনের প্রশিক্ষণে শিক্ষকরা প্রতিদিন ৬০০ টাকা করে ভাতা পাবেন। বিষয়টি মঙ্গলবার (৩ মার্চ) অধ্যাপক মো. আসাদুজ্জামান, লেইস প্রকল্পের পরিচালক (রুটিন দায়িত্ব) নিশ্চিত করেছেন।এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ পাওয়া মাধ্যমিকের নতুন শিক্ষকদের (৪০ বছরের নিচে) বেসিক প্রশিক্ষণ দেবে মাউশির লেইস প্রকল্প। সারাদেশের মাধ্যমিকের মোট ২৮ হাজার ৮০০ জন নতুন শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে, যাদের মধ্যে ইতিমধ্যে ৩ হাজার ৬৪০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ৪০ জন শিক্ষককে নিয়ে মোট ৩৯ ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে।১১টি কলেজে প্রতিটি ৩ ব্যাচে, সিলেটে ১ ব্যাচ, পাবনা ও চট্টগ্রামে ২ ব্যাচে শিক্ষকরা সকাল সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ৫৬ দিন প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণকালীন থাকা-খাওয়ার ব্যবস্থাসহ প্রতিদিন ৬০০ টাকা ভাতা প্রদান করা হবে।অধ্যাপক মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নতুন শিক্ষকদের মান উন্নয়নে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে চলতি মাসের শেষের দিকে ট্রেনিং শুরু হতে পারে। প্রতিধাপে ৩৯টি ব্যাচের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বলেন, টানা ৫৬ দিনের প্রশিক্ষণে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট দেখা দিতে পারে, এছাড়া টিউশনি বা ব্যক্তিগত কারণে কিছু শিক্ষক আসতে চাইবেন না। তবে সবমিলিয়ে শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার জন্য কাজ করা হচ্ছে।