ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের বিদ্যমান ৫০ শয্যার সব হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে শহিদ জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, শহিদ জিয়াউর রহমান দেশের প্রথম রাষ্ট্রনায়ক হিসেবে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি থানা সদর এলাকায় ৩১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। তার উদ্যোগ দেশের স্বাস্থ্য খাতের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এসব হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত করা হয়।তিনি বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার ৩১ ও ৫০ শয্যার বিদ্যমান হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে শহিদ জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, বর্তমান সরকারও পানি ধারণক্ষমতা বাড়াতে সেই উদ্যোগ পুনরায় বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে সম্প্রতি বরিশালে একটি খাল খনন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে।তিনি আরও বলেন, শিশুদের বিকাশে অবদান রাখতে শহিদ জিয়াউর রহমান শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। পাশাপাশি তার ব্যক্তিগত সততা নিয়েও কোনো প্রশ্ন ওঠেনি বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।ড্যাব আয়োজিত এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান এবং নেতা জহিরুল ইসলাম শাকিলসহ অন্যরা।

৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী