সাইবারিকে দলে নিতে ৭৮৪ কোটি টাকার প্রস্তাব বায়ার্নের
ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর মরক্কোর উইঙ্গার ইসমাইল সাইবারিকে দলে নিতে আগ্রহী হয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। প্রায় ৫৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮৪ কোটি টাকার বিনিময়ে এই ট্রান্সফার সম্পন্ন হওয়ার পথে রয়েছে বলে জানা গেছে।গত রোববার (১৪ জুন) ব্রাজিলের বিপক্ষে ম্যাচে মরক্কোর হয়ে গুরুত্বপূর্ণ গোল করেন সাইবারি। ব্রাহিম দিয়াজের পাস থেকে করা তার সেই গোলটি ১-১ ব্যবধানে শেষ হওয়া ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়। বড় ম্যাচে এমন পারফরম্যান্সের পর ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে আসেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।বর্তমানে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেনের হয়ে খেলছেন সাইবারি। তাকে দলে ভেড়াতে দ্রুত অগ্রসর হয়েছে বায়ার্ন মিউনিখ। ফুটবলভিত্তিক গণমাধ্যম গোলডটকম জানিয়েছে, ফুটবোল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী সাইবারির সঙ্গে ২০৩১ সালের গ্রীষ্ম পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তির পরিকল্পনা করছে বাভারিয়ান ক্লাবটি।৫৫ মিলিয়ন ইউরোর এই চুক্তি সম্পন্ন হলে তা হবে পিএসভির ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের খেলোয়াড় বিক্রির রেকর্ড। গত এক বছরে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের আগ্রহের কেন্দ্রে উঠে আসেন সাইবারি। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দ্রুতই তাকে দলে অন্তর্ভুক্ত করতে চায় বায়ার্ন।ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ট্রান্সফারের আনুষ্ঠানিকতা সম্পন্নের অংশ হিসেবে মেডিকেল পরীক্ষা যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হতে পারে। বায়ার্নের ক্লাব চিকিৎসক বর্তমানে জার্মান জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সেখানেই মেডিকেলের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।এর আগে ট্রান্সফার গুঞ্জন নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছিলেন সাইবারির ঘনিষ্ঠ বন্ধু ও মরক্কো জাতীয় দলের সতীর্থ বিলাল এল খান্নুস। বর্তমানে জার্মান ক্লাব স্টুটগার্টে খেলা এই মিডফিল্ডার বলেন, ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে মন্তব্য করতে না চাইলেও সাইবারি এমন সুযোগ পাওয়ার যোগ্য এবং তার জন্য শুভকামনা রয়েছে।পিএসভির জার্সিতে এখন পর্যন্ত ১৪২টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন সাইবারি। এ সময়ে তিনি ৪২টি গোলের পাশাপাশি ২৯টি অ্যাসিস্ট করেছেন। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলীয় অর্জনেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার সহায়তায় পিএসভি টানা তিন মৌসুমে এরেদিভিসি শিরোপা জিতেছে। এছাড়া ক্লাবটি দুটি কেএনভিবি কাপও নিজেদের করে নিয়েছে।ট্রান্সফার প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ায় আপাতত জাতীয় দলের দায়িত্বেই মনোযোগ দিচ্ছেন মরক্কোর এই তারকা। বিশ্বকাপের গ্রুপ পর্বে আগামী ২০ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মরক্কো।#আর ইউ এস