ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কোনও দেশকে ভয় দেখানোর অধিকার নেই ট্রাম্পের: লুলা

বিশ্ব রাজনীতিতে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বক্তব্যের সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেছেন, কোনও দেশের বিরুদ্ধে হুমকি দেয়ার অধিকার ট্রাম্পের নেই এবং বৈশ্বিক নেতৃত্বের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। লুলার এ মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।স্পেনের প্রভাবশালী দৈনিক এল পাইসকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। সম্প্রতি ট্রাম্প ইরানকে লক্ষ্য করে বলেন, হরমুজ প্রণালি খুলে না দিলে “একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে।” ট্রাম্পের ওই মন্তব্যের প্রতিক্রিয়াতেই লুলা সরাসরি অবস্থান নেন।লুলা বলেন, “ট্রাম্পের কোনও অধিকার নেই সকালে ঘুম থেকে উঠে একটি দেশকে হুমকি দেয়ার।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রের নেতৃত্বে থাকা ব্যক্তিদের বক্তব্য বিশ্বব্যাপী প্রভাব ফেলে, তাই তাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া উচিত।ব্রাজিলের এই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর কথাও উল্লেখ করেন। তিনি বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত ক্ষমতা প্রেসিডেন্ট ও কংগ্রেসের মধ্যে বিভক্ত। ফলে এককভাবে হুমকি দিয়ে বিশ্ব পরিস্থিতিকে অস্থির করা গ্রহণযোগ্য নয়।৮০ বছর বয়সী লুলা দীর্ঘদিন ধরেই বহুপাক্ষিক কূটনীতি, আন্তর্জাতিক সংলাপ এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। অন্যদিকে ট্রাম্প জাতীয়তাবাদী নীতি, একতরফা চাপ প্রয়োগ এবং শক্ত অবস্থানের রাজনীতির জন্য পরিচিত। ফলে দুই নেতার দৃষ্টিভঙ্গির পার্থক্য নতুন নয়।বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা, মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা এবং জ্বালানি নিরাপত্তা সংকটের মধ্যে ট্রাম্পের বক্তব্য বিশ্ববাজারেও উদ্বেগ তৈরি করেছে। হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এ অঞ্চলের উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে।লুলা একই সাক্ষাৎকারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবিও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান কাঠামো দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বাস্তবতায় তৈরি হয়েছিল, যা বর্তমান বিশ্বের প্রতিনিধিত্ব করে না। স্থায়ী পাঁচ সদস্যের ভেটো ক্ষমতা বাতিল করে আফ্রিকা ও লাতিন আমেরিকার আরও দেশকে অন্তর্ভুক্ত করা উচিত।তার ভাষায়, “জাতিসংঘকে নতুনভাবে গঠন করার সময় এসেছে, যাতে এর বিশ্বাসযোগ্যতা ফিরে আসে।” তিনি মনে করেন, বর্তমান বৈশ্বিক সংকটগুলো মোকাবিলায় আরও কার্যকর ও প্রতিনিধিত্বশীল আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রয়োজন।লুলা স্পেন সফরের আগে এ সাক্ষাৎকার দেন। সফরে তিনি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠক করবেন এবং প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক ফোরামে অংশ নেবেন। সেখানে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও উপস্থিত থাকার কথা রয়েছে।#আরএ

কোনও দেশকে ভয় দেখানোর অধিকার নেই ট্রাম্পের: লুলা