ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ক্লাব কোর্নেয়া কিনলেন লিওনেল মেসি

ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা লিওনেল মেসি এবার খেলোয়াড় থেকে সরাসরি ক্লাব মালিকানার জগতে প্রবেশ করলেন। স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব ইউই কোর্নেয়া কিনে নিয়েছেন আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।কাতালোনিয়ার বার্সেলোনায় অবস্থিত ক্লাবটি দীর্ঘদিন ধরে তরুণ ফুটবলার তৈরির জন্য পরিচিত। উন্নত একাডেমি কাঠামো এবং গ্রাসরুট লেভেলে খেলোয়াড় উন্নয়নের কারণে ইউরোপীয় ফুটবলে একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে বিবেচিত হয় ক্লাবটি। জর্দি আলবা ও জেরার্ড মার্তিনের মতো খেলোয়াড়রা এই একাডেমি থেকে উঠে এসেছেন। এমনকি আর্সেনাল ও স্পেন জাতীয় দলের গোলরক্ষক ডেভিড রায়াও এই একাডেমির সাবেক শিক্ষার্থী।ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মেসির যুক্ত হওয়া ক্লাবটির জন্য একটি নতুন যুগের সূচনা। বিবৃতিতে উল্লেখ করা হয়, এই বিনিয়োগের লক্ষ্য হলো ক্লাবের ক্রীড়া কাঠামো আরও শক্তিশালী করা, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং তরুণ প্রতিভা গড়ে তোলার কার্যক্রমকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া।বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এই প্রকল্প পরিচালিত হবে, যেখানে খেলাধুলার মানোন্নয়নের পাশাপাশি স্থানীয় কমিউনিটির সঙ্গে ক্লাবের সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেওয়া হবে। ক্লাবটি মনে করছে, মেসির মতো বিশ্বমানের একজন ব্যক্তিত্বের সম্পৃক্ততা তাদের ব্র্যান্ড ভ্যালু ও উন্নয়ন পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলবে।ইউই কোর্নেয়া দীর্ঘদিন ধরেই স্পেনের নিম্ন বিভাগে প্রতিযোগিতা করছে। তবে তাদের সবচেয়ে বড় শক্তি হলো যুব উন্নয়ন ব্যবস্থা। বার্সেলোনার সাবেক খেলোয়াড় জর্দি আলবা ২০১২ সালে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার আগে এই ক্লাবের একাডেমিতে ছয় বছর কাটিয়েছিলেন। একইভাবে ইলিয়ে সানচেজও এখান থেকে উঠে এসে বার্সেলোনার ‘বি’ দলে জায়গা পান এবং পরবর্তীতে পেশাদার ক্যারিয়ার গড়ে তোলেন।মেসির এই বিনিয়োগ ইউরোপীয় ফুটবলে তার প্রথম সরাসরি ক্লাব মালিকানার পদক্ষেপ হলেও এটি তার প্রথম ফুটবল ব্যবসায়িক উদ্যোগ নয়। এর আগে তিনি উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএম-এর অংশীদার হয়েছেন, যেখানে তার সঙ্গে রয়েছেন সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ। সেই প্রকল্পও মূলত যুব উন্নয়ন ও স্থানীয় ফুটবল অবকাঠামো উন্নয়নের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।বিশ্লেষকদের মতে, মেসির এই পদক্ষেপ তার ফুটবল-পরবর্তী জীবনের কৌশলগত পরিকল্পনার অংশ। মাঠের বাইরেও ফুটবল উন্নয়নে ভূমিকা রাখার মাধ্যমে তিনি দীর্ঘমেয়াদে একটি বৈশ্বিক ফুটবল ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করতে চাইছেন।কোর্নেয়ার মতো একটি একাডেমি-নির্ভর ক্লাবে মেসির সম্পৃক্ততা ভবিষ্যতে তরুণ ফুটবলারদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। একই সঙ্গে ইউরোপীয় ফুটবলের নিম্ন বিভাগে এমন তারকা বিনিয়োগ ক্লাব ব্যবস্থাপনায় নতুন প্রবণতার ইঙ্গিত দিচ্ছে।#আর

ক্লাব কোর্নেয়া কিনলেন লিওনেল মেসি