পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ জুন তিন দিনের সরকারি সফরে রাশিয়ার রাজধানী মস্কো যাচ্ছেন। সফরকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি খাত এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৭ থেকে ৯ জুন পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হবে। সফরের দ্বিতীয় দিন তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। এছাড়া রুশ সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন প্রতিনিধির সঙ্গেও তার বৈঠক ও সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দুই দেশের সহযোগিতার কেন্দ্রীয় বিষয়গুলোর একটি হিসেবে আলোচনায় স্থান পাবে। পাশাপাশি জ্বালানি, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হবে।ইউক্রেন যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং এর ফলে সৃষ্ট আর্থিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে। বিশেষ করে চলমান প্রকল্প বাস্তবায়ন এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখতে সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও থাকবেন।এদিকে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনসহ বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুতেও দুই দেশের মধ্যে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই সফর বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।