মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলার নতুন নাটক ‘বইপোকা’
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী নীলাঞ্জনা নীলাকে নিয়ে নতুন নাটক ‘বইপোকা’ আসছে। তরুণ নির্মাতা রাজ্জাক রাজ পরিচালিত এই নাটকটি দর্শকদের সামনে তুলে ধরবে বই ও জ্ঞানের আলোকে সমাজ পরিবর্তনের এক মানবিক গল্প।নাটকটি আগামী শুক্রবার (১ মে) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে এবং পরদিন থেকে ইউটিউবেও দেখা যাবে। নাটকটির শুটিং করা হয়েছে গাজীপুরের পূবাইল এলাকার মনোরম গ্রামীণ লোকেশনে।নির্মাতা জানান, নাটকের কেন্দ্রীয় চরিত্র হাসান জহির, যিনি একজন উচ্চ বেতনের চাকরি ও শহরের বিলাসবহুল জীবন ত্যাগ করে স্ত্রীকে নিয়ে গ্রামে চলে আসেন। চরিত্রটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার স্ত্রী মনীষা চরিত্রে দেখা যাবে নীলাঞ্জনা নীলাকে।গল্প অনুযায়ী, হাসান জহির গ্রামে এসে কৃষিকাজের পাশাপাশি মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করেন। তার বিশ্বাস, মানুষ মানুষকে ভুলে যেতে পারে, কিন্তু বই কখনো ছেড়ে যায় না। তাই তিনি গ্রামে গ্রামে ঘুরে বই বিতরণের মাধ্যমে মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চান।তবে গল্পে দেখা যায়, গ্রামবাসীরা তার এই উদ্যোগ সহজভাবে নেয় না। কেউ কেউ তার দেওয়া বই নিতে অস্বীকৃতি জানায়, আবার অনেকে তাকে অপমানও করে। নিজেদের ‘সবজান্তা’ ভাবা মানুষের সঙ্গে তার এই সংগ্রামই নাটকের মূল দ্বন্দ্ব তৈরি করে।নাটকে আরও একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় উঠে এসেছে—যৌতুক ও পারিবারিক নির্যাতন। এক দৃশ্যে দেখা যায়, একজন ব্যক্তি মোটরসাইকেল কেনার জন্য স্ত্রীর ওপর যৌতুক আনার চাপ সৃষ্টি করে এবং তাকে মারধর করে বাবার বাড়ি পাঠানোর চেষ্টা করে। সেখানে হাসান জহির প্রতিবাদ করেন এবং যৌতুকবিরোধী অবস্থান তুলে ধরেন।নির্মাতা রাজ্জাক রাজ বলেন, সমাজে নানা ধরনের অসঙ্গতি ও নৈতিক অবক্ষয়ের মধ্যে বই ও জ্ঞানকে কেন্দ্র করে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই এই নাটকের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, গল্পের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে একজন ব্যক্তি সমাজ পরিবর্তনের চেষ্টা করেও বাধার মুখে পড়ে।নাটকটির চিত্রনাট্য লিখেছেন তরুণ লেখক আল আমিন স্বপন। এতে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা ছাড়াও আরও অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, সাবিনা রনি, লিপু মামা, মুকুল সিরাজসহ অনেকে।নির্মাতারা আশা করছেন, ‘বইপোকা’ শুধু বিনোদনের জন্য নয়, বরং দর্শকদের মধ্যে বই পড়া ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।