বিশ্ব ফুটবলকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক ও কিংবদন্তি ডিফেন্ডার ব্রিতো। বৃহস্পতিবার (১১ জুন) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে ৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন ব্রিতো। ১৯৭০ সালে মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে পেলের নেতৃত্বে শিরোপাজয়ী ব্রাজিল দলের রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা ছিলেন তিনি। সেন্টার ব্যাক পজিশনে উইলসন পিয়াজার সঙ্গে গড়ে তুলেছিলেন শক্তিশালী এক জুটি, যা ব্রাজিলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ১৯৬৬ সালের বিশ্বকাপেও ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছিলেন এই ডিফেন্ডার।ব্রিতোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। সংস্থাটির সভাপতি সামির জাউদ এক বিবৃতিতে বলেন, ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার ছিলেন ব্রিতো এবং ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।বিশ্বকাপ জয়ের পাশাপাশি জাতীয় দলের হয়ে ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে তাসা ইন্ডিপেনদেন্সিয়া শিরোপাও জিতেছিলেন তিনি। ব্রিতোর সংগ্রামী মানসিকতা ও মাঠের নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন সিবিএফ সভাপতি।পেলে, তোস্তাও ও রিভেলিনোর মতো কিংবদন্তি ফুটবলারদের সতীর্থ ছিলেন ব্রিতো। তার মৃত্যু ব্রাজিলের ফুটবল ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তির প্রতীক হয়ে থাকল। মাঠে তার দৃঢ়তা, আত্মনিবেদন এবং সাফল্য যেমন স্মরণীয় হয়ে থাকবে, তেমনি ফুটবলপ্রেমীদের হৃদয়েও তিনি বেঁচে থাকবেন গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।#আর ইউ এস