নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প
লেবানন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিউইয়র্ক পোস্টের একটি পডকাস্টে তিনি জানান, লেবাননে বারবার সামরিক পদক্ষেপ নেওয়ায় নেতানিয়াহুর ওপর তিনি বিরক্ত ছিলেন এবং এক পর্যায়ে তাকে ‘পাগল’ বলেছিলেন।ট্রাম্প বলেন, তিনি রাগান্বিত না হলেও পরিস্থিতিতে যথেষ্ট বিরক্ত ছিলেন। ফোনালাপে তিনি নেতানিয়াহুকে লেবাননে অভিযান বন্ধ করার আহ্বান জানান এবং বলেন, এই সংঘাত আর চলতে দেওয়া যায় না।তবে ওই ঘটনার পরও নেতানিয়াহুর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, অতীতে তারা একসঙ্গে অনেক কাজ করেছেন এবং তিনি এখনো নেতানিয়াহুকে পছন্দ করেন।এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো ট্রাম্প-নেতানিয়াহুর কথোপকথন নিয়ে প্রকাশিত বিভিন্ন তথ্য অস্বীকার করেছে। তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস কয়েকজন মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে জানায়, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন যে তিনিই তাকে কারাগারে যাওয়া থেকে রক্ষা করেছেন।প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, তিনি না থাকলে নেতানিয়াহু জেলে থাকতেন এবং বর্তমানে বহু মানুষ তাকে ও ইসরায়েলকে অপছন্দ করছে। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি নেতানিয়াহুকে প্রশ্ন করেন, তিনি আসলে কী করছেন।ফোনালাপের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলে বৈরুতে বড় ধরনের সামরিক অভিযান না চালানোর অনুরোধ করেছিলেন। তার দাবি, নেতানিয়াহু সেনাদের পিছু হটাতে সম্মত হয়েছেন।
ট্রাম্প আরও দাবি করেন, তিনি হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন। তাদের পক্ষ থেকে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা বন্ধ করার আশ্বাস দেওয়া হয়েছে। একইভাবে ইসরায়েলও পাল্টা হামলা বন্ধ করতে রাজি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এই সমঝোতা কতদিন স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ট্রাম্প আশা প্রকাশ করেন, সংঘাত দীর্ঘমেয়াদে বন্ধ থাকবে।