প্রধানমন্ত্রীর চীন সফরের প্রস্তুতিতে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের প্রস্তুতির অংশ হিসেবে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। সরকারি সূত্র জানিয়েছে, আগামী বুধবার তিনি চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইংয়ের সঙ্গে বৈঠকে বসবেন।বৈঠকে ২৩ থেকে ২৬ জুন অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর চীন সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সম্ভাব্য কর্মসূচি, দ্বিপক্ষীয় আলোচ্যসূচি, চুক্তি ও সমঝোতা স্মারকসহ সফর-সংশ্লিষ্ট নানা বিষয় এতে গুরুত্ব পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ঢাকায় প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ফিলিপাইন হয়ে চীনে যাবেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মঙ্গলবার অনুষ্ঠিতব্য আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নেওয়ার পর সেদিনই তিনি বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন।কূটনৈতিক সূত্র বলছে, প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা এগিয়ে নিতে পররাষ্ট্রসচিবের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।