বিমানবন্দর থেকে সাংবাদিক সোবহানকে ফেরত পাঠাল ইমিগ্রেশন
ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দা যাওয়ার পথে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা করার সময় তাকে অফলোড করা হয়।বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুরে তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দাগামী সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৯ ফ্লাইটে ওঠার প্রস্তুতি নেন। ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার পাসপোর্ট ও ডকুমেন্ট যাচাইয়ের পর তাকে বিমানবন্দর থেকে বাইরে যেতে দেওয়া হয়নি।সূত্র অনুযায়ী, ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় তার পাসপোর্ট স্টপলিস্টে অন্তর্ভুক্ত থাকায় তাকে দেশত্যাগের অনুমতি দেওয়া হয়নি। পরে তাকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়। একই সময় তার বিষয়ে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।বিমানবন্দর কর্তৃপক্ষের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ইকবাল সোবহান চৌধুরীকে অফলোড করা হয়। ইমিগ্রেশন পুলিশ তার দেশত্যাগের অনুমতি না দিয়ে প্রক্রিয়াগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।সূত্রের দাবি অনুযায়ী, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। ওই মামলাসমূহের কারণে তার বিরুদ্ধে ইমিগ্রেশন স্টপলিস্ট জারি ছিল, যার ভিত্তিতে তাকে বিদেশ যাত্রা থেকে বিরত রাখা হয়।ফ্লাইট সূত্রে জানা যায়, সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৯ ফ্লাইটে তার জেদ্দায় যাওয়ার কথা ছিল। কিন্তু ইমিগ্রেশন ক্লিয়ারেন্স না পাওয়ায় তিনি বিমানবন্দর ত্যাগ করে পরে বাসায় ফিরে যান।ঘটনার পরপরই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো প্রেস ব্রিফিং দেওয়া হয়নি।আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে স্টপলিস্ট থাকলে তাকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয় না এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়। এই ঘটনায়ও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।#আরএ