পেট ফাঁপা কি শুধু সাধারণ সমস্যা?
পেট ফাঁপা বা ব্লোটিং একটি সাধারণ শারীরিক সমস্যা হিসেবে অনেকেই উপেক্ষা করেন। খাবারের অনিয়ম, অতিরিক্ত গ্যাস তৈরি, মানসিক চাপ বা জীবনযাপনের কারণে এই সমস্যা দেখা দিলেও কিছু ক্ষেত্রে এটি গুরুতর রোগের সতর্ক সংকেত হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিশেষজ্ঞদের মতে, হঠাৎ তীব্র পেট ফাঁপা, দীর্ঘস্থায়ী ব্যথা বা অন্যান্য জটিল উপসর্গ দেখা দিলে বিষয়টিকে হালকাভাবে নেওয়া উচিত নয়।ভারতের পুনের মানিপাল হাসপাতালের জেনারেল সার্জন প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, পেট ফাঁপা সবসময় সাধারণ গ্যাসজনিত সমস্যা নয়। অনেক সময় এটি অন্ত্রের ব্লকেজ, প্রদাহ, তরল জমা বা অভ্যন্তরীণ সংক্রমণের মতো জটিল রোগের ইঙ্গিত দেয়। এমনকি কিছু ক্ষেত্রে দ্রুত চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজনও হতে পারে।চিকিৎসকের মতে, স্বাভাবিক ব্লোটিং এবং বিপজ্জনক অবস্থার পার্থক্য নির্ভর করে শরীরের ভেতরের কাঠামোগত সমস্যার ওপর। অন্ত্র ফুটো হওয়া, রক্ত সঞ্চালনে বাধা বা অন্ত্রের কোনো অংশ বন্ধ হয়ে যাওয়া থাকলে পেট ফাঁপা দ্রুত গুরুতর অবস্থায় রূপ নিতে পারে। এসব ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না নিলে জীবনঝুঁকিও তৈরি হতে পারে।বিশেষজ্ঞরা কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা উল্লেখ করেছেন, যেগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।প্রথমত, হঠাৎ করে তীব্র পেট ফাঁপা দেখা দিলে তা উপেক্ষা করা উচিত নয়। পেট শক্ত হয়ে যাওয়া বা অস্বাভাবিকভাবে ফুলে ওঠা অন্ত্রের বাধা বা শরীরে তরল জমার ইঙ্গিত দিতে পারে।দ্বিতীয়ত, পেটব্যথা যদি ক্রমশ বাড়তে থাকে বা তীব্র হয়ে ওঠে, তাহলে এটি অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া বা অন্ত্র ফুটো হওয়ার মতো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে।তৃতীয়ত, পেট ফাঁপার সঙ্গে গ্যাস বা মলত্যাগ বন্ধ হয়ে গেলে সেটি অন্ত্রের ব্লকেজের স্পষ্ট সংকেত হিসেবে ধরা হয়, যা দ্রুত চিকিৎসা না নিলে জটিল হয়ে উঠতে পারে।চতুর্থত, বারবার বমি হওয়া—বিশেষ করে সবুজ বা দুর্গন্ধযুক্ত বমি—অন্ত্রে বাধা বা হজম প্রক্রিয়ায় গুরুতর সমস্যার ইঙ্গিত দেয়।পঞ্চমত, পেট ফাঁপার সঙ্গে জ্বর থাকলে তা সংক্রমণ বা পেটের ভেতরে প্রদাহের লক্ষণ হতে পারে, যেমন অ্যাবসেস বা পেরিটোনাইটিস।এছাড়া দ্রুত হার্টবিট, মাথা ঘোরা বা দুর্বলতা দেখা দিলে তা শরীরে সংক্রমণ বা অভ্যন্তরীণ রক্তক্ষরণের ইঙ্গিত হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এসব উপসর্গকে অবহেলা করা বিপজ্জনক।চিকিৎসকদের মতে, তীব্র পেট ফাঁপার ক্ষেত্রে শারীরিক পরীক্ষা, রক্ত পরীক্ষা, আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যানের মাধ্যমে সঠিক কারণ নির্ণয় করা হয়। অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারই একমাত্র সমাধান হয়ে দাঁড়ায়, বিশেষ করে অন্ত্রের ব্লকেজ, অ্যাপেন্ডিসাইটিস বা হার্নিয়ার মতো জটিলতায়।বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পেট ফাঁপাকে শুধু সাধারণ হজমজনিত সমস্যা মনে করে দীর্ঘদিন অবহেলা করা বিপজ্জনক হতে পারে। দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসাই জটিলতা এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়।সূত্র: হিন্দুস্তান টাইমস#আরএ