বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। তবে দলের জয়ের রাতেও আলোচনায় উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর একাধিক গোলের সুযোগ হাতছাড়া করার ঘটনা। নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে পর্তুগাল আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে পা রাখলেও রোনালদোর ফিনিশিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।ম্যাচে ৭৫ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন রোনালদো। কিন্তু নিজের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি তাকে। প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে দুটি—মোট তিনটি বড় সুযোগ পেয়েও গোল করতে পারেননি পর্তুগিজ অধিনায়ক। সতীর্থদের সঙ্গে সমন্বয়েও কিছুটা অস্বস্তি দেখা গেছে তার খেলায়। ফলে পর্তুগালের আক্রমণভাগে গঞ্জালো রামোসকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।লেইরিয়ায় অনুষ্ঠিত ম্যাচের ২৩তম মিনিটে পেড্রো নেটোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। দিয়েগো দালোতের বাড়ানো পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে নিচু শটে জাল খুঁজে নেন তিনি। তবে ৩৭তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে অ্যাডামস গোল করে সমতা ফেরান নাইজেরিয়ার হয়ে।বিরতির পরও রোনালদো সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। একাধিক সহজ সুযোগ নষ্ট করে হতাশা বাড়ান তিনি। শেষ পর্যন্ত বদলি হিসেবে নামা ফ্রান্সিসকো কনসেইসাওর গোলে জয় নিশ্চিত করে পর্তুগাল। তার দুর্দান্ত শটেই ম্যাচের নির্ণায়ক গোলটি আসে।বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এর আগে চিলির বিপক্ষেও ২-১ ব্যবধানে জয় পেয়েছিল পর্তুগাল। টানা দুই জয়ে আত্মবিশ্বাসী দলটি এবার বিশ্বকাপ মিশনের অপেক্ষায়।আগামী বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। 'কে' গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।