ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রতিটি উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ

দেশের প্রতিটি উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের দাপ্তরিক কাজ পরিচালনা ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য আধুনিক সুবিধাসংবলিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পরামর্শক্রমে এ বিষয়ে ইতোমধ্যে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্পিকারের কাছ থেকে ফ্লোর নিয়ে তিনি বলেন, উপজেলা পরিষদে সংসদ সদস্যদের নামে সরাসরি কোনো কক্ষ বরাদ্দ দেওয়ার আইনি সুযোগ বর্তমান বিধিমালায় নেই। এ কারণে বিদ্যমান আইনগত জটিলতা এড়াতে নতুন কক্ষের নামকরণ করা হয়েছে ‘পরিদর্শন কক্ষ’।প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পরিষদের নতুন কিংবা পুরোনো ভবনের অবকাঠামো বিবেচনায় নিয়ে সেখানে সংসদ সদস্যদের জন্য একটি নির্দিষ্ট কক্ষ প্রস্তুত করা হবে। ওই কক্ষে এটাচ বাথরুমসহ প্রয়োজনীয় আসবাবপত্র এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।তিনি আরও জানান, কোনো সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় একাধিক উপজেলা থাকলে প্রতিটি উপজেলাতেই আলাদা করে এমন কক্ষের ব্যবস্থা থাকবে। ফলে সংশ্লিষ্ট সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন উপজেলায় গিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।সরকারের এই সিদ্ধান্তের পেছনে মূল লক্ষ্য হিসেবে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ বাড়ানোর বিষয়টি তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী বলেন, এসব কক্ষে বসে সংসদ সদস্যরা এলাকার সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে পারবেন, স্থানীয় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করতে পারবেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করতে পারবেন।তিনি দাবি করেন, উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের জন্য নির্দিষ্ট কর্মপরিসর না থাকায় অনেক সময় স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাৎ কিংবা সরকারি কার্যক্রম তদারকিতে বাস্তব সমস্যার মুখে পড়তে হয়। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে সেই সীমাবদ্ধতা দূর হবে।সংসদে বক্তব্যে প্রতিমন্ত্রী এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বলেন, সরকারি আদেশ জারির পর থেকেই সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার ইউএনওদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কক্ষ প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করতে পারবেন।তবে বিষয়টি নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ একটি নির্বাচিত প্রতিষ্ঠান হওয়ায় সেখানে সংসদ সদস্যদের জন্য পৃথক কক্ষ বরাদ্দের সিদ্ধান্ত কতটা কার্যকর হবে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকার সঙ্গে এই ব্যবস্থার সমন্বয় কীভাবে হবে, সে বিষয়েও কৌতূহল তৈরি হয়েছে।স্থানীয় সরকার বিশেষজ্ঞদের মতে, উপজেলা পরিষদে সমন্বিত প্রশাসন ও জনসেবামুখী পরিবেশ নিশ্চিত করা গেলে এমন কক্ষ জনসম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখতে পারে। তবে এটি যেন প্রশাসনিক ভারসাম্য নষ্ট না করে এবং স্থানীয় সরকারের স্বায়ত্তশাসনের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সেদিকেও নজর রাখতে হবে।সরকারি নির্দেশনার পর এখন উপজেলা প্রশাসনগুলো কক্ষ নির্ধারণ, সংস্কার, আসবাবপত্র সংগ্রহ ও প্রয়োজনীয় সুবিধা স্থাপনের প্রস্তুতি শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দ্রুত বাস্তবায়ন হলে খুব শিগগিরই দেশের সব উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ চালু হতে পারে।#আর

প্রতিটি উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ