ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বকাপের আগে নেইমারের পুনর্বাসনে নাসা-প্রযুক্তির বিশেষ ট্রেডমিল

২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে সময়ের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরাতে তার পুনর্বাসন প্রক্রিয়ায় ব্যবহার করা হচ্ছে নাসার প্রযুক্তি থেকে অনুপ্রাণিত বিশেষ ‘অ্যান্টি-গ্র্যাভিটি ট্রেডমিল’।ব্রাজিলীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডান পায়ের কাফ ইনজুরিতে ভোগা ৩৪ বছর বয়সী নেইমার ইতোমধ্যে এই বিশেষ ট্রেডমিলে অনুশীলন শুরু করেছেন। যন্ত্রটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি শরীরের কার্যকর ওজন কমিয়ে দেয়, ফলে দৌড়ানোর সময় ইনজুরিগ্রস্ত স্থানে চাপ কম পড়ে এবং পুনর্বাসন প্রক্রিয়া তুলনামূলক নিরাপদ হয়।বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরেই ক্রীড়াবিদদের পুনর্বাসনে এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ব্রাজিলের কয়েকটি ক্লাবও তাদের চিকিৎসা ব্যবস্থায় অ্যান্টি-গ্র্যাভিটি ট্রেডমিল যুক্ত করেছে।নেইমারের শারীরিক অবস্থার সর্বশেষ মূল্যায়নের জন্য সোমবার নতুন করে ইমেজিং পরীক্ষা করা হচ্ছে। সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই তার পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা নির্ধারণ করা হবে। চিকিৎসকদের অনুমোদন মিললে ধাপে ধাপে তাকে বল নিয়ে অনুশীলনে ফিরিয়ে আনা হবে।ব্রাজিল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি নেইমারের দ্রুত সুস্থতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তার অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। তবু তাকে ফিট করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট।হেক্সা মিশনের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের আগে নেইমারের ফিটনেস নিয়ে তাই সমর্থক থেকে শুরু করে ফুটবল বিশ্লেষক—সবার নজর এখন ব্রাজিল দলের মেডিকেল রিপোর্টের দিকে।

বিশ্বকাপের আগে নেইমারের পুনর্বাসনে নাসা-প্রযুক্তির বিশেষ ট্রেডমিল