৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়লেন রাশেদ দাড়িয়া নামে এক যুবক।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে রাশেদ তার বাড়িতে বসে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে নামাজ পড়তে যান। এ ঘটনাটি ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, দুধ রাখা অ্যালুমিনিয়ামের একটি বড় পাত্রে রাশেদ বসে আছেন, যেখানে তার মা মগ দিয়ে ধীরে ধীরে তার মাথায় দুধ ঢালছেন। রাশেদ ভিডিওটি মোবাইলে ধারণ করে নিজের ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে এটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।জানা গেছে, রাশেদ দাড়িয়া (৩৫) কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাছেন দাড়িয়ার ছেলে। তিনি বলেন, “আমি দুই বছর ধরে অনলাইনে জুয়া খেলি। এই খেলায় এ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার দেনা হয়েছি। দেনার কারণে দীর্ঘদিন ধরে নানা ধরনের হতাশায় ভুগছিলাম। পরিবারের পরামর্শে কয়েক দিনের মধ্যে কাজের জন্য সৌদি আরব যাচ্ছি। যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলাম।”রাশেদ আরও বলেন, “আমি সকল যুবক ভাইদের অনুরোধ করব, কেউও সর্বনাশা জুয়া খেলবেন না। জুয়া খেলে কেউই লাভবান হতে পারে না; সবাই ধ্বংস হয়। যারা এখনও এই পথে রয়েছেন, তারা ফিরে আসুন।”এদিকে রাশেদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। রাশেদের পাশের বাড়ির জলিল গাজী বলেন, “রাশেদ জুয়া খেলে ধারদেনায় দীর্ঘদিন হতাশায় ভুগছিল। এখন তিনি জুয়া ছেড়ে দিচ্ছেন এবং বিদেশ যাচ্ছেন। তার মঙ্গল হোক।”