দুদক পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি গঠন
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের লক্ষ্যে যেকোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, এ প্রক্রিয়ার মাধ্যমে আরও শক্তিশালী ও কার্যকর একটি দুদক প্রতিষ্ঠা সম্ভব হবে।সোমবার জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে দুদকের জন্য অতিরিক্ত বরাদ্দের দাবির ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের আন্তরিকতা নিয়ে কারও কারও মধ্যে প্রশ্ন থাকলেও সরকার শুরু থেকেই এ বিষয়ে গুরুত্ব দিয়েছে। দুদক পুনর্গঠনের জন্য সার্চ কমিটি গঠন করা হবে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই কমিশনকে নতুনভাবে সাজানো হবে।তিনি জানান, প্রধান বিচারপতি রোববার সার্চ কমিটির জন্য তাঁর প্রতিনিধির নাম পাঠিয়েছেন। ফলে কমিটি গঠনের প্রক্রিয়া এখন অনেকটাই এগিয়ে গেছে।সালাহউদ্দিন আহমদ বলেন, সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গড়ে তোলা হবে।তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা দুদক-সংক্রান্ত অধ্যাদেশটি বর্তমান সংসদে অনুমোদন না পেলেও পূর্বের আইন পুনরায় কার্যকর হয়েছে। সেই আইনে সার্চ কমিটি গঠনের বিধান রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান ব্যবস্থা একটি অন্তর্বর্তী পদক্ষেপ। প্রস্তাবিত দুদক বিল সংসদে পাস হলে আরও বেশি ক্ষমতাসম্পন্ন ও কার্যকর দুর্নীতি দমন কমিশন গঠন করা সম্ভব হবে।#আর ইউ এস