দিনাজপুর শিক্ষাবোর্ড : ১৮ বিদ্যালয়ের সবাই ফেল
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় ১৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব বিদ্যালয় থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও ফলাফলে সবাই অকৃতকার্য হয়েছেন।সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, রংপুর বিভাগের আট জেলার ১৮টি বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ১২৪ জন শিক্ষার্থী অংশ নেন। তবে এসব বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।শূন্য পাসের তালিকায় রয়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ স্কুল। প্রতিষ্ঠানটি থেকে ১৮ জন পরীক্ষার্থী অংশ নেন। ঘাসিপুর উচ্চ স্কুল থেকে পরীক্ষায় অংশ নেন ১৫ জন।গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন এবং পলাশবাড়ী উপজেলার মনোহারপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন পরীক্ষায় অংশ নেন। নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেন ১০ জন।কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চ স্কুল থেকে ১২ জন, ব্রাহ্মনপাড়া উচ্চ স্কুল থেকে ৪ জন এবং সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন পরীক্ষার্থী অংশ নেন। একই জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেন ৪ জন।লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন পরীক্ষার্থী অংশ নেন।দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে সবচেয়ে বেশি ১৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। তবে তাদের কেউই পাস করতে পারেননি।এ ছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ স্কুল থেকে ৪ জন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন এবং তাওরিগাঁ উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন পরীক্ষার্থী অংশ নেন। হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেন ৩ জন।পঞ্চগড়ের বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন এবং বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন। এই দুই বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীও পাস করতে পারেননি।