ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডিএনসিসির আওতায় আসছে পূর্বাচল

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত প্রকল্পের অংশগুলোকে ঢাকা জেলায় সংযুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।সরকারের এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতায় থাকা পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় সমন্বিত নগর ব্যবস্থাপনা চালুর পথ খুলে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে প্রকল্পটির বিভিন্ন অংশ ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সীমানাজুড়ে বিস্তৃত থাকায় নাগরিক সেবা, আইনশৃঙ্খলা রক্ষা এবং অবকাঠামোগত ব্যবস্থাপনায় নানা সীমাবদ্ধতা ছিল।মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, বহুজেলা বিস্তৃত প্রশাসনিক কাঠামোর কারণে ওই এলাকায় পুলিশের কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছিল। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রত্যাশিত নাগরিক সেবাও নিশ্চিত করা যাচ্ছিল না। এছাড়া সিটি করপোরেশনের আওতায় না থাকায় ঢাকা ওয়াসার পানি ও পয়োনিষ্কাশন সুবিধাও সম্প্রসারণে জটিলতা ছিল।এ অবস্থায় পূর্বাচলকে ডিএনসিসির আওতায় আনার মাধ্যমে এলাকাবাসীকে আধুনিক নগরসেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এর ফলে বাসিন্দারা জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেন নির্মাণ বা সংস্কার, সড়কবাতি রক্ষণাবেক্ষণ এবং মশক নিয়ন্ত্রণসহ বিভিন্ন নাগরিক সুবিধা পাবেন।পাশাপাশি প্রকল্প এলাকাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় আনা হলে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা টহল, অপরাধ নিয়ন্ত্রণ এবং জরুরি সেবার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। দ্রুত বর্ধনশীল আবাসিক এলাকা হিসেবে পূর্বাচলে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা।একই সঙ্গে পুরো প্রকল্প এলাকাকে ঢাকা ওয়াসার অধিক্ষেত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিকল্পিত পানি সরবরাহ, আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং ভবিষ্যৎ জনসংখ্যার চাহিদা অনুযায়ী সেবা সম্প্রসারণ সহজ হবে।মন্ত্রিসভার অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার অধীনে থাকা পূর্বাচল প্রকল্পের অংশবিশেষ প্রশাসনিকভাবে ঢাকা জেলার সঙ্গে যুক্ত করা হবে। এতে ভূমি ব্যবস্থাপনা, কর প্রশাসন, সেবা সমন্বয় এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে একক কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।পূর্বাচল নতুন শহর প্রকল্পকে রাজধানীর বিকল্প পরিকল্পিত নগরায়ণের বড় উদ্যোগ হিসেবে দেখা হয়। ইতোমধ্যে সেখানে আবাসিক প্লট, সড়ক, সেতু, লেক, বাণিজ্যিক জোন এবং সরকারি বিভিন্ন স্থাপনা গড়ে উঠছে। তবে প্রশাসনিক বিভাজনের কারণে দীর্ঘদিন ধরেই সেবা ব্যবস্থাপনায় অসঙ্গতি ছিল।সংশ্লিষ্টরা বলছেন, নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পূর্বাচল কেবল আবাসন প্রকল্প হিসেবেই নয়, বরং পূর্ণাঙ্গ আধুনিক নগরাঞ্চল হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। একই সঙ্গে রাজধানীর ওপর জনসংখ্যার চাপ কমানো এবং পরিকল্পিত নগর সম্প্রসারণেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#আর

ডিএনসিসির আওতায় আসছে পূর্বাচল