ফের বিয়ের গুঞ্জন অভিনেত্রী জেনিফারের
ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে ফের বিয়ের গুঞ্জন তৈরি হয়েছে। একাধিক সংবাদমাধ্যমের দাবি, তিনি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এবং সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইশমায়েল উইলিয়ামের সঙ্গে তার বাগদানও সম্পন্ন হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন ধরে জেনিফার ও ইশমায়েলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ধারণা করা হচ্ছে, একটি ছুটির সময় ইশমায়েল তাকে বিয়ের প্রস্তাব দেন এবং অভিনেত্রী তা গ্রহণ করেন। এরপর থেকেই তাদের বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা যায়।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ওয়েডিং ডান্স ভিডিওতে মন্তব্য এবং বিয়েসংক্রান্ত বিভিন্ন কনটেন্ট অনুসরণ করায় তাদের সম্পর্ক ও বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হচ্ছে, জেনিফার ও ইশমায়েল বর্তমানে সম্পর্ক নিয়ে বেশ সুখী এবং একে অপরের প্রতি গভীর অনুরাগ অনুভব করছেন।জানা গেছে, বিয়ের আয়োজন নিয়ে ইতোমধ্যে পরিকল্পনাও শুরু করেছেন অভিনেত্রী। সম্ভাব্য ওয়েডিং সার্ভিসের তালিকা তৈরি করা হয়েছে এবং প্রাথমিক একটি খসড়াও প্রস্তুত করা হয়েছে। বিয়ের আয়োজন খ্রিস্টান রীতিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সময় হিসেবে সেপ্টেম্বর-অক্টোবর বা ডিসেম্বর-জানুয়ারির কোনো একটি সময় বিবেচনায় রয়েছে, যদিও এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি।এর আগে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার। ‘দিল মিল গায়ে’ টিভি শো’র সেটে পরিচয়ের পর তাদের প্রেম এবং ২০১২ সালে বিয়ে হয়। তবে ২০১৪ সালে সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে।পরবর্তীতে করণ সিং গ্রোভার ২০১৬ সালে অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন। দীর্ঘ সময় ব্যক্তিগত জীবন নিয়ে আড়ালে থাকলেও এবার ফের জেনিফারের বিয়ের গুঞ্জন তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে।