চলতি মে মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। মাত্র দুই দিনের অতিরিক্ত ছুটি সমন্বয় করতে পারলেই ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন তারা।২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঈদের আগে দুই দিন এবং পরে তিন দিন ছুটি থাকবে।নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৬, ২৭, ২৯, ৩০ ও ৩১ মে সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে ঈদের দিনের সাধারণ ছুটি যুক্ত হয়ে মোট ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে ছয় দিনে। ফলে মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত টানা সরকারি ছুটি উপভোগ করতে পারবেন চাকরিজীবীরা।এর আগে ২২ ও ২৩ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে। এরপর মাঝখানে থাকা ২৪ ও ২৫ মে—রোববার ও সোমবার—এই দুই দিন ছুটি সমন্বয় করতে পারলেই ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাওয়া সম্ভব হবে।সরকারি চাকরিজীবীদের অনেকেই ইতোমধ্যে এই ছুটিকে কেন্দ্র করে পরিবারসহ ভ্রমণ বা গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের পরিকল্পনা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। দীর্ঘ ছুটির কারণে গণপরিবহন, পর্যটন কেন্দ্র এবং কেনাকাটার বাজারেও বাড়তি চাপ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এর আগে বাংলা নববর্ষ উপলক্ষে গত পহেলা বৈশাখ ১৪ এপ্রিলও নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। দিনটি মঙ্গলবার হওয়ায় পরবর্তী দুই কর্মদিবস ছুটি সমন্বয় করে অনেক চাকরিজীবী সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের অবকাশ কাটানোর সুযোগ পেয়েছিলেন।জনপ্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, উৎসবকেন্দ্রিক দীর্ঘ ছুটি একদিকে কর্মজীবীদের মানসিক প্রশান্তি দেয়, অন্যদিকে পরিবারকে সময় দেওয়ারও সুযোগ তৈরি করে। তবে জরুরি সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে দায়িত্ব পালনের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।