ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এলিয়েন পৃথিবীতে এসেছে, এখনও রয়েছে— দাবি স্টিভেন স্পিলবার্গের

হলিউডের কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ভিনগ্রহবাসীদের অস্তিত্ব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। তার দাবি, এলিয়েনরা শুধু মহাবিশ্বের কোথাও নয়, তারা ইতোমধ্যেই পৃথিবীতে এসেছে এবং এখনও এখানে অবস্থান করছে।সম্প্রতি মার্কিন টেলিভিশন অনুষ্ঠান সিবিএস সানডে মর্নিং-এ দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন অস্কারজয়ী এই নির্মাতা। দীর্ঘদিন ধরেই তার চলচ্চিত্রে ভিনগ্রহবাসী ও মহাজাগতিক রহস্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে উঠে এসেছে। এবার সেই বিষয়েই নিজের ব্যক্তিগত বিশ্বাস প্রকাশ করেন তিনি।স্পিলবার্গ বলেন, দীর্ঘদিন ধরে সংগৃহীত তথ্য-প্রমাণ এবং মার্কিন কংগ্রেসে উপস্থাপিত বিভিন্ন সাক্ষ্য পর্যালোচনা করে তিনি এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে ভিনগ্রহবাসীরা পৃথিবীতে এসেছে এবং এখনও এখানে রয়েছে। এমনও হতে পারে, তারা সব সময়ই পৃথিবীতেই ছিল।তবে ভিনগ্রহবাসীদের অস্তিত্বে বিশ্বাস করলেও নিজে কখনও কোনো রহস্যময় বা অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হননি বলে জানান তিনি। কিছুটা রসিকতার সুরে স্পিলবার্গ বলেন, অন্তত একবার তাদের দেখার সুযোগ তার পাওয়া উচিত ছিল। নিজেকে তিনি যেন তাদের একজন দূত হিসেবেই ভাবেন, অথচ কখনও তাদের সামনে পাননি।অন্য এক সাক্ষাৎকারে ইউএসএ টুডে-কে স্পিলবার্গ জানান, তার আলোচিত চলচ্চিত্র ক্লোজ এনকাউন্টারস অব দ্য থার্ড কাইন্ড নির্মাণের সময় তিনি ভিনগ্রহে প্রাণের অস্তিত্বে বিশ্বাস করতেন, তবে তারা পৃথিবীতে এসেছে কি না, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না। তার ভাষায়, একবিংশ শতাব্দীতে প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষ বিভিন্ন অস্বাভাবিক ঘটনার ভিডিও ও তথ্য সহজে সংরক্ষণ এবং শেয়ার করতে পারছে। এসব তথ্য-উপাত্ত তাকে ক্রমেই এই বিশ্বাসে পৌঁছে দিয়েছে যে মানুষ মহাবিশ্বে একা নয়।এদিকে, স্পিলবার্গের নতুন চলচ্চিত্র ডিসক্লোজার ডে মুক্তি পেতে যাচ্ছে আগামী ১২ জুন। ইউএফও-সংক্রান্ত একটি ষড়যন্ত্রকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় মার্গারেট ফেয়ারচাইল্ড নামের এক টেলিভিশন আবহাওয়াবিদের চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। ভিনগ্রহের প্রাণীর সঙ্গে রহস্যময় সাক্ষাতের পর তিনি অদ্ভুত ক্ষমতা অর্জন করেন এবং এক পর্যায়ে সরাসরি সম্প্রচারের সময় অজানা ভাষায় কথা বলতে শুরু করেন।ছবিটিতে আরও অভিনয় করেছেন জশ ও'কনর, কলিন ফার্থ, ইভ হিউসন, কোলম্যান ডোমিঙ্গো এবং ওয়ায়াট রাসেল।

এলিয়েন পৃথিবীতে এসেছে, এখনও রয়েছে— দাবি স্টিভেন স্পিলবার্গের