ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদে সরকারি ছুটি হতে পারে ১০ দিন

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নির্ধারিত সরকারি ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। ইতোমধ্যেই ছুটি বাড়ানোর বিষয়ে একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামীকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ শনিবার পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সরকারি হিসাব অনুযায়ী ইতোমধ্যে পাঁচ দিনের ছুটি নির্ধারিত আছে। সেই অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ঈদুল ফিতরের সরকারি ছুটি পালন করা হবে। ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি এবং ১৯ ও ২০ মার্চ ছুটি ঈদের পূর্বে, ২২ ও ২৩ মার্চ ছুটি ঈদের পরে মিলিয়ে মোট পাঁচ দিনের সরকারি ছুটি নিশ্চিত হবে।জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি আরও বাড়ানোর ক্ষেত্রে ২৪ ও ২৫ মার্চ (মঙ্গল ও বুধবার) সংযুক্ত করার চিন্তাভাবনা করা হচ্ছে। এতে ২৬ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা ১০ দিনের টানা ছুটি পেতে পারেন। এরপর ২৯ মার্চ থেকে অফিস খোলা হবে।অন্য একটি বিকল্প হিসেবে সরকার চাইলে ১৯ মার্চের আগে ১৭ মার্চ শবেকদরের সরকারি ছুটি এবং ১৮ মার্চ (বুধবার) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে ঈদের ছুটি সাত দিনের টানা করতে পারে। তবে কর্মকর্তারা এ বিষয়ে ঈদের পরের ছুটির দিকে বেশি মনোযোগী। মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখন মন্ত্রিসভার হাতে।তবে কর্মকর্তাদের মত, ঈদের অতিরিক্ত ছুটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার চাইলে কোনো শনিবার অফিস খোলা রেখে অফিসে কাজ করিয়ে নিতে পারে।

ঈদে সরকারি ছুটি হতে পারে ১০ দিন