ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এমবাপ্পেকে পেছনে ফেলে লা লিগার সেরা ইয়ামাল

মাত্র ১৮ বছর বয়সেই স্প্যানিশ ফুটবলে নিজের আধিপত্যের ছাপ রাখলেন লামিন ইয়ামাল। রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ২০২৫-২৬ মৌসুমে লা লিগার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার।বার্সেলোনাকে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। পুরো মৌসুমজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই তার হাতে তুলে দেওয়া হয়েছে ‘প্লেয়ার অব দ্য সিজন’ পুরস্কার।লা লিগায় ১৬ গোলের পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। তার অবদানে ৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে মৌসুম শেষ করে বার্সেলোনা এবং নিজেদের ইতিহাসের ২৯তম লিগ শিরোপা ঘরে তোলে।মৌসুমসেরার দৌড়ে ইয়ামালের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল বেতিসের পাবলো ফরনালস ও ভিয়ারিয়ালের নিকোলাস পেপেও মনোনয়ন পেয়েছিলেন। সমর্থক, ক্লাব অধিনায়ক ও বিশেষজ্ঞ প্যানেলের ভোটে শেষ পর্যন্ত সবার চেয়ে এগিয়ে থাকেন বার্সেলোনার এই তরুণ তারকা।যদিও ২৫ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি ট্রফি জিতেছেন এমবাপ্পে, দলগত সাফল্যে পিছিয়ে থাকায় মৌসুমসেরার পুরস্কার পাননি তিনি। অন্যদিকে, ক্যারিয়ারে প্রথমবারের মতো লা লিগার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ইয়ামাল। গত মৌসুমে এই পুরস্কার জিতেছিলেন তার সতীর্থ রাফিনিয়া।তবে চোটের কারণে মৌসুমের বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি ইয়ামাল। কুঁচকি ও হ্যামস্ট্রিং সমস্যায় ভোগা এই উইঙ্গার লিগে মোট ২৮টি ম্যাচ খেলেছেন। এপ্রিলের শেষ দিকে সেল্তা ভিগোর বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর মৌসুমের শেষ ছয় ম্যাচে মাঠের বাইরে থাকতে হয় তাকে।এই চোটের কারণে আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত স্পেনের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ইয়ামাল। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে আশা করছেন, ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে দলের প্রথম ম্যাচেই পুরোপুরি ফিট অবস্থায় মাঠে দেখা যাবে তাকে।

এমবাপ্পেকে পেছনে ফেলে লা লিগার সেরা ইয়ামাল