লেবানন-ইসরায়েল সীমান্তে দীর্ঘদিনের সংঘাতের মধ্যে উত্তেজনা প্রশমনের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত এক সমঝোতায় ইসরায়েলের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে হিজবুল্লাহ। এর বিনিময়ে লেবাননের রাজধানী বৈরুতে হামলা না চালানোর বিষয়ে সম্মতি জানিয়েছে ইসরায়েল। তবে এই সমঝোতার মধ্যেও সীমান্তে বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে।লেবাননের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করেছে হিজবুল্লাহ। দেশটির ওয়াশিংটনস্থ দূতাবাসের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহ পারস্পরিক হামলা বন্ধের প্রস্তাবে সম্মতি দিয়েছে। এর আওতায় বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা বন্ধ থাকবে এবং হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান থেকে বিরত থাকবে। ভবিষ্যতে এই ব্যবস্থা পুরো লেবাননে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমঝোতার বিষয়টি নিশ্চিত করলেও সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যদি ইসরায়েলি শহর ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে, তাহলে বৈরুতেও হামলা চলবে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নেতানিয়াহু এবং হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন। তার দাবি, উভয় পক্ষই সব ধরনের গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে। ট্রাম্প আরও বলেন, বৈরুতমুখী ইসরায়েলি সেনাদের ফিরিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে।তবে সমঝোতার ঘোষণা সত্ত্বেও মাঠপর্যায়ে উত্তেজনা পুরোপুরি থামেনি। হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলে সেনা ও ট্যাংক লক্ষ্য করে তারা কয়েকটি ড্রোন ও গোলাবর্ষণ হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলা হয়েছে এবং দেব্বিন শহরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী অব্যাহত থাকবে।পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত। তার মতে, একটি ফ্রন্টে যুদ্ধবিরতি ভঙ্গ হলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।ইরানের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতা অব্যাহত থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা স্থগিত করতে পারে। একই সঙ্গে প্রয়োজন হলে লোহিত সাগরসংলগ্ন কৌশলগত অঞ্চলসহ অন্যান্য ফ্রন্টও সক্রিয় করার ইঙ্গিত দেওয়া হয়েছে।যদিও এসব শঙ্কার মধ্যেই ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক গতিতে এগোচ্ছে। একই সঙ্গে লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা প্রশমনে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।