আজ মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল
বিশ্বকাপের প্রস্তুতি পর্বে এক রাতেই আন্তর্জাতিক ফুটবলে দেখা মিলতে যাচ্ছে ত্রিমুখী উত্তেজনা। ভিন্ন ভিন্ন প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল।ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রস্তুতিতে শেষ মুহূর্তের ছন্দ খুঁজছে। দলে একাধিক খেলোয়াড়ের ইনজুরি থাকলেও স্বস্তির খবর হলো অধিনায়ক লিওনেল মেসির ফিটনেস অনেকটাই উন্নতির পথে। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসি দ্রুত সেরে উঠছেন এবং তাকে হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে স্বল্প সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে। একই সঙ্গে গোলরক্ষক পজিশনে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর পরিকল্পনাও রয়েছে।অন্যদিকে ব্রাজিল শিবিরে রয়েছে মিশ্র পরিস্থিতি। দলের অন্যতম তারকা নেইমার এখনও পুরোপুরি ফিট নন এবং পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। ফলে দলীয় ক্যাম্পে না থেকে তিনি আলাদাভাবে রিহ্যাব চালিয়ে যাচ্ছেন। কোচ কার্লো আনচেলত্তি পানামা ম্যাচের পর একাদশে চারটি পরিবর্তন এনে মিশরের বিপক্ষে নতুন কম্বিনেশন পরীক্ষা করার পরিকল্পনা করছেন।এই ম্যাচে মারকুইনোস, ডগলাস সান্তোস, লুকাস পাকেতা এবং ইগর থিয়াগোকে পরীক্ষামূলকভাবে দেখা যেতে পারে।একই রাতে প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগালও। চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সারবে দলটি। কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোকে ম্যাচে মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে, যা রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপের আগে পর্তুগালের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।
সব মিলিয়ে এক রাতেই তিন ফুটবল পরাশক্তির মাঠে নামা বিশ্বকাপের আগে সমর্থকদের মধ্যে বাড়িয়ে দিয়েছে উত্তেজনা ও প্রত্যাশা।