আন্দামান সাগরে নৌকাডুবি, নিখোঁজ ২৫০
আন্দামান সাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৫০ জন নারী, পুরুষ ও শিশু নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গভীর শোক প্রকাশ করেছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক সংস্থাগুলো এক যৌথ প্রতিক্রিয়ায় জানায়, এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, অনিশ্চয়তা এবং টেকসই সমাধানের অভাবের ভয়াবহ পরিণতি।প্রাথমিক তথ্যে জানা গেছে, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে যাত্রা শুরু করে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। পথে আন্দামান সাগরে প্রবল বাতাস, উত্তাল ঢেউ এবং অতিরিক্ত যাত্রীর চাপের কারণে নৌকাটি ডুবে যায়।এখনও পর্যন্ত অনেক যাত্রীর সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান ও নিখোঁজদের সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে। তবে দুর্গম সমুদ্র এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম কঠিন হয়ে পড়েছে।ইউএনএইচসিআর ও আইওএম তাদের বিবৃতিতে বলেছে, রাখাইন রাজ্যে চলমান সহিংসতা এবং নিরাপদ প্রত্যাবাসনের অনিশ্চয়তায় রোহিঙ্গাদের সামনে ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে উঠেছে। ফলে অনেকেই জীবন বাজি রেখে বিপজ্জনক সমুদ্রপথ বেছে নিতে বাধ্য হচ্ছে।তারা জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পজীবনও দিন দিন কঠিন হয়ে উঠছে। মানবিক সহায়তা কমে যাওয়া, শিক্ষা ও কর্মসংস্থানের সীমিত সুযোগ, নিরাপত্তাহীনতা এবং দীর্ঘ অনিশ্চয়তা মানুষকে ঝুঁকিপূর্ণ অভিবাসনপথের দিকে ঠেলে দিচ্ছে।সংস্থাগুলোর মতে, বিদেশে ভালো কাজ ও উচ্চ আয়ের প্রলোভন দেখিয়ে মানবপাচারকারী চক্র অসহায় মানুষকে ফাঁদে ফেলছে। ভুল তথ্য ও মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে তারা নারী, পুরুষ ও শিশুদের এমন যাত্রায় পাঠাচ্ছে, যার পরিণতি প্রায়ই মর্মান্তিক হয়।বিশেষজ্ঞরা বলছেন, আন্দামান সাগর ও বঙ্গোপসাগর অঞ্চল বহু বছর ধরেই অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। প্রতি বছরই এখানে নৌকাডুবি, খাদ্যসংকট, নির্যাতন ও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। তবুও বিকল্প পথ না থাকায় বহু মানুষ এই রুটে যাত্রা করে।জাতিসংঘের দুই সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানিয়ে বলেছে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীকেও সহায়তা দিতে হবে, যারা দীর্ঘদিন ধরে মানবিক চাপ বহন করছে।তারা আরও বলেছে, মিয়ানমারে বাস্তুচ্যুত হওয়ার মূল কারণগুলো দ্রুত সমাধান না হলে এ ধরনের দুর্ঘটনা বন্ধ হবে না। রোহিঙ্গাদের জন্য এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে তারা স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে পারে।মানবাধিকারকর্মীরা বলছেন, শুধুমাত্র সীমান্ত নিয়ন্ত্রণ বা উদ্ধার তৎপরতা যথেষ্ট নয়। সংকটের রাজনৈতিক সমাধান, মানবপাচার চক্র দমন এবং আশ্রয়শিবিরে টেকসই জীবনব্যবস্থা গড়ে তোলাই দীর্ঘমেয়াদি সমাধান।#আরএ