ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই।বুধবার (১২ আগস্ট) সকালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়। এটি গুজবেরই একটি অংশ।ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান জটিলতাগুলো সমাধানযোগ্য। যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে দুই দেশের সরকারই কাজ করবে।যুবসমাজের ভূমিকার গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, প্রতিটি স্তরে তরুণদের নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী যুবসমাজের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। একটি দেশ ও জাতির মূল শক্তি তরুণরা। তাদের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর। পৃথিবী এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে। বিশ্বব্যাপী যুবসমাজকে সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচনা করা হয়।অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, যুবক ও নারীরা যাতে ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্য ও সম্প্রচারমন্ত্রী