আটলান্টিকের প্রমোদতরীতে রহস্যময় ভাইরাসে তিনজনের মৃত্যু
আটলান্টিক মহাসাগরে চলাচলরত একটি প্রমোদতরীতে রহস্যজনক ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। এতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আক্রান্তদের মধ্যে একজনের শরীরে বিরল হান্টাভাইরাস শনাক্ত হয়েছে।আল জাজিরার বরাতে জানা যায়, প্রমোদতরী এমভি হন্ডিয়াস আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে কেপ ভার্দের দিকে যাত্রা করছিল। যাত্রাপথেই যাত্রী ও ক্রুদের মধ্যে অসুস্থতা দেখা দেয়।ডব্লিউএইচও জানায়, মোট ছয়জন যাত্রীর মধ্যে তিনজন মারা গেছেন এবং অন্তত পাঁচজনের মধ্যে সংক্রমণের সন্দেহ রয়েছে। বর্তমানে একজন রোগী দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।সংস্থাটি আরও জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এর অংশ হিসেবে ল্যাবরেটরি পরীক্ষা, মহামারিবিদ্যাগত বিশ্লেষণ এবং ভাইরাসের জিনগত গবেষণা করা হচ্ছে। আক্রান্ত যাত্রী ও ক্রুদের চিকিৎসা ও সহায়তা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রমোদতরীতে তীব্র শ্বাসযন্ত্রজনিত অসুস্থতা দেখা দিয়েছে। প্রথমে ৭০ বছর বয়সী এক যাত্রী মারা যান, পরে তার ৬৯ বছর বয়সী স্ত্রীও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরেকজন ব্রিটিশ নাগরিক বর্তমানে জোহানেসবার্গে আইসিইউতে আছেন।
হান্টাভাইরাস সাধারণত সংক্রমিত ইঁদুরের মল বা মূত্রের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায় এবং গুরুতর ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে। বর্তমানে মৃতদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।