ঢাকা    বুধবার, ০১ জুলাই ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তিন পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। তবে সিরিজ শুরুর আগের দিনই অস্ট্রেলিয়া শিবিরে এসেছে বড় ধরনের পরিবর্তন।ব্যক্তিগত কারণ ও ইনজুরিজনিত সমস্যায় দল থেকে ছিটকে গেছেন তিন নিয়মিত সদস্য। আইপিএলের ব্যস্ত সূচির পর অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে বিশ্রামে গেছেন তারকা ব্যাটার ট্রাভিস হেড। পুরোনো গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন অধিনায়ক মিচেল মার্শ। এছাড়া পাকিস্তান সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া লেগস্পিনার তানভীর সাঙ্গাও দলের বাইরে চলে গেছেন।এই তিনজনের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন নতুন তিন ক্রিকেটার। তানভীর সাঙ্গার বদলি হিসেবে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সাদা বলের দলে ডাক পেয়েছেন অফস্পিনার টড মারফি। অন্যদিকে ট্রাভিস হেড ও মিচেল মার্শের পরিবর্তে ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ম্যাট শর্ট ও ওলি পিককে। তবে টি-টোয়েন্টি দলে হেডের বদলি হিসেবে কাকে নেওয়া হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি টিম ম্যানেজমেন্ট।আইপিএলে গোড়ালিতে চোট পাওয়ার কারণে সদ্য সমাপ্ত পাকিস্তান সফরেও খেলতে পারেননি মার্শ। আশা করা হয়েছিল, বাংলাদেশ সফরের দুটি ফরম্যাটেই নেতৃত্ব দেবেন তিনি। তবে তার অনুপস্থিতিতে পাকিস্তান সফরের মতো এবারও ওয়ানডে দলে অধিনায়কত্ব করবেন জশ ইংলিশ। ১৭ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে মার্শের ফিট হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। যদিও সময়মতো সুস্থ হতে না পারলে ওই ফরম্যাটেও নেতৃত্বের দায়িত্ব পালন করবেন ইংলিশ।বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে রয়েছেন জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অধিনায়ক জশ ইংলিশ, ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, টড মারফি, ওলি পিক, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট এবং অ্যাডাম জাম্পা।অন্যদিকে টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন মিচেল মার্শ, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুহনেম্যান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপে, ম্যাথিউ রেনশ এবং অ্যাডাম জাম্পা।

তিন পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে অস্ট্রেলিয়া