রাজনগরে ক্রিকেট খেলার দ্বন্দ্বে যুবক খুন, চট্টগ্রাম থেকে গ্রেফতার ৩
মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত তারেক আহমদ হত্যা মামলার পলাতক তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম জেলার খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়।ঘটনার বিবরণে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের বালিদীঘির পাড়ে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় নিহত তারেক আহমদের সঙ্গে প্রতিবেশী আতিক আহমদের (২২) কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আতিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তারেক একই গ্রামের গাজী মিয়ার ছেলে।এ ঘটনায় নিহতের বড়বোন সেলিনা জান্নাত সুমার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত তিনজনকে রাজনগর থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।